আজকের দ্রুতগতির জীবনে অনেক মানুষই অগোছালো জীবনযাপনের কারণে মানসিক চাপ, ক্লান্তি এবং অসন্তুষ্টিতে ভোগেন। প্রতিদিনের ব্যস্ততার মাঝে আমরা অনেক সময় নিজের স্বাস্থ্য, মানসিক শান্তি এবং ব্যক্তিগত উন্নতির বিষয়গুলোকে গুরুত্ব দিতে ভুলে যাই। অথচ একটি সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য সঠিক লাইফস্টাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একটি সুন্দর হোম ম্যানেজমেন্ট শুধু ঘর পরিষ্কার রাখা বা রান্নার মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিবারের সদস্যদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা, সময়ের সঠিক ব্যবহার এবং দৈনন্দিন অভ্যাসও এর গুরুত্বপূর্ণ অংশ। তাই একটি সুখী ও সুশৃঙ্খল পরিবার গড়ে তুলতে স্বাস্থ্যকর Lifestyle Management-এর গুরুত্ব অপরিসীম।
লাইফস্টাইল ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য হলো জীবনকে সঠিকভাবে পরিচালনা করা এবং প্রতিটি দিনকে অর্থবহভাবে উপভোগ করা। খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, সময় ব্যবস্থাপনা, ব্যক্তিত্ব গঠন এবং পোশাক-পরিচ্ছদ—সবই একটি স্বাস্থ্যকর লাইফস্টাইলের গুরুত্বপূর্ণ অংশ।
তাই প্রত্যেক মানুষের উচিত একটি শক্তিশালী ও সুন্দর ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য নিজের লাইফস্টাইলের প্রতি সচেতন হওয়া। এই লেখায় আমরা জানবো লাইফস্টাইল ম্যানেজমেন্ট কী এবং একটি সুন্দর জীবনযাপনের জন্য কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ।
লাইফস্টাইল ম্যানেজমেন্ট কী
লাইফস্টাইল ম্যানেজমেন্ট বলতে এমন একটি সচেতন জীবনধারাকে বোঝায়, যেখানে একজন মানুষ তার দৈনন্দিন অভ্যাস, সময় ব্যবস্থাপনা, খাদ্যাভ্যাস, শারীরিক সুস্থতা এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। সহজভাবে বলতে গেলে, নিজের জীবনকে সুশৃঙ্খল, স্বাস্থ্যকর এবং ইতিবাচকভাবে পরিচালনা করাই হলো লাইফস্টাইল ম্যানেজমেন্ট।
বর্তমান ডিজিটাল যুগে অতিরিক্ত কাজের চাপ, প্রযুক্তিনির্ভর জীবনযাপন এবং দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকার কারণে অনেক মানুষের শারীরিক ক্লান্তির তুলনায় মানসিক ক্লান্তি বেশি দেখা যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো দূর করতে সঠিক লাইফস্টাইল ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একটি সুশৃঙ্খল লাইফস্টাইল গড়ে তুলতে হলে নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা, পর্যাপ্ত ঘুম নেওয়া, সময়কে সঠিকভাবে ব্যবহার করা এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখা প্রয়োজন। এসব অভ্যাস ধীরে ধীরে একজন মানুষের জীবনকে আরও সুন্দর, সুস্থ এবং সুশৃঙ্খল করে তুলতে সাহায্য করে।
লাইফস্টাইল ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ
বর্তমান সময়ে ব্যস্ততা, কজের চাপ এবং প্রযুক্তিনির্ভর জীবনযাপনের কারণে অনেকেই নিজের স্বাস্থ্য ও মানসিক সুস্থতার প্রতি যথেষ্ট গুরুত্ব দিতে পারেন না। এর ফলে ধীরে ধীরে শারীরিক অসুস্থতা, মানসিক চাপ এবং কাজের প্রতি অনাগ্রহ তৈরি হতে পারে। সঠিক লাইফস্টাইল ম্যানেজমেন্ট এসব সমস্যার ঝুঁকি কমিয়ে একটি সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তুলতে সাহায্য করে।
একটি সুন্দর লাইফস্টাইল শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতাও বাড়ায়। নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস অনুসরণ করলে দৈনন্দিন কাজ আরও সহজ হয় এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে।
লাইফস্টাইল ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণগুলো হলো:
- শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
- সময় ব্যবস্থাপনা ও কাজের দক্ষতা বাড়ায়।মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়তা করে।
- আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব গড়ে তোলে।
- পরিবার, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
- দীর্ঘমেয়াদে বিভিন্ন জীবনধারাজনিত রোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
সঠিক লাইফ স্টাইল গড়ে তোলার গুরুত্বপূর্ণ উপাদান:
সঠিক লাইফস্টাইল একদিনে গড়ে ওঠে না। এটি গড়ে তুলতে প্রয়োজন ধৈর্য, সচেতনতা এবং নিয়মিত অনুশীলন। একজন মানুষের খাদ্যাভ্যাস, শারীরিক সুস্থতা, মানসিক স্বাস্থ্য, সময়ের সঠিক ব্যবহার এবং দৈনন্দিন অভ্যাস—সবকিছুই তার জীবনধারাকে প্রভাবিত করে। তাই একটি সঠিক ও ভারসাম্যপূর্ণ লাইফস্টাইল গড়ে তুলতে হলে কোন কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত, তা জানা অত্যন্ত জরুরি।
1.স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস:
শরীর আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। শরীর সুস্থ থাকলেই আমরা পরিবার, কাজ এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারি। তাই সুস্থ শরীর বজায় রাখতে প্রতিদিন পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া অত্যন্ত জরুরি। আমার ব্যক্তিগত মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত প্রোটিন রাখা খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি একটি মৌসুমি ফল, পর্যাপ্ত সবুজ শাকসবজি এবং অন্যান্য পুষ্টিকর খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।
বিশেষ করে অনেক গৃহবধূ পরিবারের সবার যত্ন নিতে গিয়ে নিজের খাবারের দিকেই সবচেয়ে কম গুরুত্ব দেন। অনেক সময় সন্তানের জন্য পছন্দের খাবার আলাদা করে রেখে দেন, আবার স্বামী বা পরিবারের অন্য সদস্যদের কথা ভেবে নিজের অংশটুকুও খেতে চান না। অন্যের যত্ন নেওয়া অবশ্যই একটি সুন্দর গুণ, কিন্তু নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কারণ একজন সুস্থ মানুষই পরিবার ও নিজের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারেন। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।
2.নিয়মিত ব্যায়াম ও শারীরিক সক্রিয়তা:
একজন গৃহবধূর পক্ষে প্রতিদিন নিয়মিত ব্যায়ামের জন্য আলাদা সময় বের করা সত্যিই সহজ নয়। সংসারের কাজ, সন্তান ও পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে দিনের বেশিরভাগ সময়ই ব্যস্ততায় কেটে যায়। তবুও Home Management-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের শরীরের যত্ন নেওয়া। কারণ একজন সুস্থ ও কর্মক্ষম মানুষই পরিবারকে দীর্ঘদিন সুন্দরভাবে আগলে রাখতে পারেন।
প্রত্যেক মানুষই চান দীর্ঘদিন সুস্থ, কর্মক্ষম ও প্রাণবন্ত থাকতে। কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার চেষ্টা খুব কম সংখ্যক মানুষই করেন। বিশেষ করে সন্তান জন্মের পর একজন মা শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যান, ফলে ব্যায়ামের মাধ্যমে নিজেকে সক্রিয় রাখতে না পারা একটি স্বাভাবিক বিষয়। কিন্তু শুরুতেই কঠিন ব্যায়ামের কথা না ভেবে, প্রতিদিন ১৫–২০ মিনিট হাঁটা, হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম দিয়ে শুরু করা যেতে পারে। ছোট ছোট এই অভ্যাসগুলোই ধীরে ধীরে বড় পরিবর্তন এনে দিতে পারে।
যদিও এই বিষয়গুলো গৃহবধূদের দৈনন্দিন জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তবুও একটি সঠিক লাইফস্টাইল গড়ে তোলার এই অভ্যাসগুলো কর্মজীবী নারী-পুরুষ, শিক্ষার্থী কিংবা প্রবীণ—সবার জন্যই সমানভাবে প্রযোজ্য।
নিয়মিত ব্যায়াম শুধু শরীরকে সক্রিয় রাখে না, বরং শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর কয়েকটি উল্লেখযোগ্য উপকারিতা হলো—
a)শরীরকে ফিট ও কর্মক্ষম রাখে-
নিয়মিত ব্যায়াম শরীরের পেশি, হাড়, হৃদ্যন্ত্র ও ফুসফুসের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। ফলে শরীর ফিট থাকে এবং দৈনন্দিন কাজ সহজে করা যায়।
b)ওজন নিয়ন্ত্রনে সাহায্য করে –
অনেকেই মনে করেন ব্যায়াম শুধু ওজন কমানোর জন্য। অথচ সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার সমন্বয়ে প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো বা কমানো—দুই-ই সম্ভব।
c)আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করে-
নিয়মিত ব্যায়াম শরীরকে শুধু সুস্থই রাখে না, ব্যক্তিত্বকেও আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে। ফিট শরীর, সুন্দর দেহভঙ্গি (Posture) এবং প্রাণবন্ত উপস্থিতি একজন মানুষের আত্মপ্রকাশকে আরও সুন্দর করে তোলে।
d)মানসিক চাপ কমাতে সাহায্য করে-
নিয়মিত ব্যায়ামের ফলে ওজন কমা বা বাড়ার পরিবর্তন চোখে পড়তে কিছুটা সময় লাগতে পারে। তবে মানসিক চাপ কমাতে ব্যায়াম তুলনামূলক দ্রুত ইতিবাচক ভূমিকা পালন করে। নিয়মিত শরীরচর্চা মনকে সতেজ ও প্রাণবন্ত রাখতে এবং দৈনন্দিন কাজে উৎসাহ বজায় রাখতে সাহায্য করে।
e)সুস্থ বার্ধক্য গড়ে তুলতে সাহায্য করে-
বয়স বাড়া কেউ থামাতে পারে না, কিন্তু কীভাবে বার্ধক্যে পৌঁছাবেন, তার ওপর অনেকটাই আপনার আজকের জীবনযাত্রা নির্ভর করে। নিয়মিত ব্যায়ামের অভ্যাস বার্ধক্যেও শরীরকে দীর্ঘদিন সুস্থ, সবল ও কর্মক্ষম রাখতে সাহায্য করে।
3.পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম:
ঘুম হলো শরীরের ‘Restart Button’। সারাদিনের কাজের পর শরীর ও মস্তিষ্ককে পুনরায় সতেজ করে তুলতে পর্যাপ্ত ও মানসম্মত ঘুমের কোনো বিকল্প নেই। অনেকেই মনে করেন, ২৪ ঘণ্টার মধ্যে যেকোনো সময় ৬–৮ ঘণ্টা ঘুমালেই যথেষ্ট। কিন্তু আমাদের শরীরেরও একটি স্বাভাবিক জৈবিক ছন্দ (Body Clock) রয়েছে। তাই নিয়মিত সময়ে ঘুমানো ও সময়মতো জেগে ওঠার অভ্যাস স্বাস্থ্যকর লাইফস্টাইলের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বর্তমানে অনেক মানুষ রাত জেগে মোবাইল ব্যবহার বা অন্যান্য কারণে ঘুমের সময় পিছিয়ে দেন। সম্ভব হলে রাত জেগে কাজ করার পরিবর্তে ভোরে উঠে কাজ করার অভ্যাস গড়ে তোলা ভালো। এতে শরীর পর্যাপ্ত বিশ্রাম পায়, ভোরে ওঠার অভ্যাস তৈরি হয় এবং পরের দিনের কাজও আরও সতেজভাবে শুরু করা যায়।
পর্যাপ্ত ও মানসম্মত ঘুম শুধু ক্লান্তি দূর করে না, বরং আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর ইতিবাচক প্রভাব ফেলে। নিচে ঘুমের কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরা হলো-
a)শরীর ও মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে
সারাদিন কাজ করার পর শরীর ও মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। মানসম্মত ঘুম সেই ক্লান্তি দূর করে শরীরকে আবার সতেজ হতে সাহায্য করে। সহজ একটি উদাহরণ দিয়ে বলা যায়, সারাদিন একটি মোবাইল ফোন ব্যবহার করার পর যেমন সেটিকে আবার চার্জ দিতে হয়, তেমনি সারাদিন কাজ করার পর আমাদের শরীর ও মস্তিষ্কেরও শক্তি ফিরে পেতে ঘুম ও বিশ্রামের প্রয়োজন হয়। তাই নিয়মিত ও পর্যাপ্ত বিশ্রাম শরীর ও মস্তিষ্ককে নতুন দিনের জন্য প্রস্তুত করে।
b)মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে
দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ ও স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে যেতে পারে। এর প্রভাব শুধু শিশুদের নয়, বড়দের ক্ষেত্রেও দেখা যায়। অনেক সময় আমরা কাজে মনোযোগ দিতে পারি না, ছোটখাটো বিষয় ভুলে যাই বা সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়। এসবের একটি কারণ হতে পারে পর্যাপ্ত ও মানসম্মত ঘুমের অভাব। তাই মস্তিষ্ককে সক্রিয় ও স্মৃতিশক্তিকে ভালো রাখতে নিয়মিত পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
c)মেজাজ ভালো রাখতে সাহায্য করে
মন ভালো রাখতে এবং মেজাজ প্রফুল্ল রাখতে মানসম্মত ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যাপ্ত ঘুম হলে মানসিক চাপ তুলনামূলক কম অনুভূত হয় এবং সারাদিন মনও সতেজ থাকে। তাই সুস্থ শরীরের পাশাপাশি সুস্থ মন বজায় রাখতেও ভালো ঘুমের গুরুত্ব অপরিসীম।
4.নিয়মিত পানি পান:
ছোটবেলা থেকেই শুনে বড় হয়েছি—জলই জীবন। কিন্তু শুধুমাত্র জীবন টিকিয়ে রাখার জন্যই পানি পান করা উচিত নয়। শরীরকে সুস্থ ও সতেজ রাখতে প্রত্যেকের নিজের শরীরের চাহিদা অনুযায়ী পানি পান করা জরুরি। পানি শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় সাহায্য করে এবং ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতেও ভূমিকা রাখে। বিশেষ করে শিশুদের মধ্যে দেখা যাওয়া কোষ্ঠকাঠিন্য কমাতেও পর্যাপ্ত পানি পান উপকারী হতে পারে।
5.মানসিক চাপ নিয়ন্ত্রণ:
শারীরিক অসুস্থতার মতো মানসিক সুস্থতাও আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মানসিক সমস্যার একটি বিশেষ দিক হলো—অনেক সময় বাইরে থেকে তা বোঝা যায় না। একজন মানুষ ভেতরে ভেতরে কতটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, তা সবসময় তার চেহারা বা আচরণ দেখে বোঝা সম্ভব হয় না। ফলে অনেকেই নিজের সমস্যার কথা কাউকে না বলে একাই সামলানোর চেষ্টা করেন।
দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে থাকলে তা ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবন, কাজের প্রতি মনোযোগ এবং সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। তাই মানসিক চাপকে অবহেলা না করে সময়মতো নিজের যত্ন নেওয়া এবং প্রয়োজনে পরিবারের কাছের মানুষ বা একজন মানসিক স্বাস্থ্য পেশাদারের সাহায্য নেওয়া উচিত।
আবার অনেকেই মানসিক চাপ থেকে সাময়িক স্বস্তি পাওয়ার জন্য সিগারেট, অ্যালকোহল বা অন্যান্য নেশাদ্রব্যের আশ্রয় নেন। কিন্তু এগুলো মানসিক চাপ মোকাবিলার স্বাস্থ্যকর উপায় নয়। বরং ধীরে ধীরে এগুলোর ওপর নির্ভরশীলতা তৈরি হতে পারে। তখন মানসিক চাপের পাশাপাশি নতুন একটি সমস্যাও জীবনে যুক্ত হয়।
a)নিজের জন্য কিছুটা সময় রাখা
নিজের জন্য সময় রাখা মানে নিজেকে ভালোবাসা। অনেকেই আছেন, যারা নিজের কথা ভুলে স্বামী, সন্তান, বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের যত্ন, ভালোবাসা ও সম্মান দিতে নিজেদের উজাড় করে দেন। নিঃসন্দেহে এটি একটি সুন্দর গুণ। তবে প্রতিটি কাজেরই একটি সীমা থাকা প্রয়োজন। অন্যদের যত্ন নিতে গিয়ে নিজের যত্নকে একেবারে ভুলে গেলে একসময় শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে।
দীর্ঘদিন ধরে আমাদের সমাজে গৃহস্থালির কাজকে যথাযথ মূল্য দেওয়া হয়নি। অথচ একজন গৃহবধূ দিনের পর দিন পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন। তাই সারাদিনের কাজের মাঝে নিজের ক্লান্তি, মানসিক চাপ ও অবসাদ দূর করার জন্য নিজের জন্য কিছুটা সময় রাখাও অত্যন্ত জরুরি।
তবে সময় বদলেছে। এখন অনেক পরিবারেই গৃহবধূর কাজকে গুরুত্ব ও সম্মান দেওয়া হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে সুন্দর বোঝাপড়াও রয়েছে। তবুও নিজের জন্য সময় বের করার দায়িত্ব শুধু গৃহবধূর নয়—প্রত্যেক মানুষেরই নিজের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য কিছুটা সময় রাখা উচিত।
সময়ের সঠিক ব্যবহার করতে সময় ব্যবস্থাপনা ও গৃহকর্মে সময় বাঁচানোর কৌশল সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। কারন একজন গৃহবধূর জন্য এই সময়টা বের করা তুলনামূলক কঠিন, কিন্তু অসম্ভব নয়। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাজ ভাগ করে নেওয়া, দিনের ব্যস্ততার মাঝে কিছুটা সময় নিজের জন্য রাখা কিংবা নিজের পছন্দের কোনো কাজ করা—ছোট ছোট এই অভ্যাসগুলোও মনকে অনেকটা সতেজ রাখতে পারে।
b)মেডিটেশন ও রিল্যাক্সেশন
মেডিটেশন বা ধ্যান মনকে শান্ত ও স্থির রাখার একটি সুন্দর অভ্যাস। শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া মেডিটেশনের একটি সহজ পদ্ধতি, যা মানসিক চাপ কমাতে ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করতে পারে।
মন ও শরীর একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই মন শান্ত থাকলে দৈনন্দিন কাজেও নিজেকে আরও স্থির রাখা সহজ হয়। শিশুদেরও ছোটবেলা থেকেই বয়স অনুযায়ী কিছু সময় মেডিটেশন বা mindfulness-এর অভ্যাস করানো যেতে পারে। এটি তাদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে সাহায্য করতে পারে।
c)কাছের মানুষের সঙ্গে কথা বলা
যখন মনের কষ্ট বেড়ে যায়, তখন সেটি ধীরে ধীরে একটা বোঝার মতো মনে হতে পারে। মনে হয়, কষ্টের কথাগুলো কাউকে একটু বলতে পারলে হয়তো মনটা কিছুটা হালকা হতো। তাই সুযোগ থাকলে বিশ্বাসযোগ্য কাছের মানুষের সঙ্গে নিজের সুখ, দুঃখ বা মানসিক চাপের কথা ভাগ করে নেওয়া ভালো। তবে কাকে নিজের ব্যক্তিগত কথা বলছি, সে বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। বিশেষ করে কোনো বিষাক্ত সম্পর্কের কারণে কষ্ট পেলে এমন কারও সঙ্গে বিষয়টি শেয়ার না করাই ভালো, যিনি সেই ব্যক্তির খুব কাছের বা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।
আর একটা interesting কথা হলো, সম্পর্কের মধ্যে বন্ধু নামক সম্পর্কটা অনেক সময় সবচেয়ে স্বস্তির হতে পারে। একজন ভালো ও বিশ্বস্ত বন্ধু থাকলে তার সঙ্গে নির্দ্বিধায় সুখ, দুঃখ, হাসি, কান্না কিংবা মানসিক চাপের কথা বলা যায়। এমনকি কিছুটা আড্ডা দেওয়া বা মনের মতো করে হাসাহাসি করাও সম্ভব। তাই শুধু কাছের মানুষ নয়, নিজের কাছের মানুষটাকেও একজন ভালো বন্ধু হিসেবে পাওয়ার চেষ্টা করা যেতে পারে।
6.পরিবার ও সম্পর্কের জন্য সময় রাখা
শুধু উচ্চমানের জীবনযাপন করলেই যে একজন মানুষ ভিতর থেকে সুখী হবেন, এমনটা নয়। ব্যস্ততার মধ্যে যতই দিন কেটে যাক না কেন, দিনের শেষে সবাইকেই নিজের আপন ঠিকানায় ফিরতে হয়। একটু উদাহরণ দিয়ে বলা যায়—আপনার গাড়ি, বাড়ি, সম্পত্তি, নামী-দামী সাজসজ্জা সবই আছে, কিন্তু দিনের শেষে বাড়ি ফিরে দেখলেন কাছের মানুষগুলোর সঙ্গে আপনার সম্পর্কটাই আর আগের মতো নেই, আপনি একা। এমন অবস্থায় কি সত্যিই শান্তির ঘুম আসবে?
তাই পারিবারিক সম্পর্ক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করতে বাবা-মা, স্বামী-স্ত্রী, সন্তান—পরিবারের প্রত্যেকের জন্যই কিছুটা সময় রাখা উচিত। কারণ সম্পর্ক থেকে দূরে সরে গিয়ে জীবনে সবকিছু পাওয়া গেলেও প্রকৃত মানসিক শান্তি পাওয়া কঠিন।
হয়তো সংসারের কাজ সামলানোর জন্য সাহায্যের মানুষ রাখা যায়, প্রতিদিন অনলাইন থেকে খাবারও অর্ডার করা যায়। কিন্তু কাছের মানুষের হাতের রান্নায় যে মায়া থাকে, কিংবা প্রিয় মানুষের যত্ন ও সেবার মধ্যে যে আন্তরিকতা থাকে, তার সঙ্গে সবকিছুর তুলনা হয় না। তাই সময় থাকতে পরিবারকে সময় দেওয়া উচিত, কারণ সুন্দর সম্পর্কই ভবিষ্যতের সুখী ও শান্তিপূর্ণ জীবনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
📌অনুসরণ মানে অনুকরণ নয়;
আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় সফল মানুষদের ফলো করি। কিন্তু তাঁদের প্রতিদিনের জীবনযাপন, অভ্যাস ও নিয়ম-শৃঙ্খলা কতজনই বা সত্যিই অনুসরণ করার চেষ্টা করি? সফল মানুষের Lifestyle-এর মধ্যে সাধারণত একটি নির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলা থাকে। এই লেখায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলোর অনেকটাই সেই নিয়ম-শৃঙ্খলার অংশ।
তাই সফল মানুষকে অনুসরণ করার পাশাপাশি তাঁদের বাহ্যিক জীবনযাপন অনুকরণ না করে, তাঁদের প্রতিদিনের ভালো অভ্যাস, সময়ের মূল্য বোঝা এবং নিয়ম-নীতি অনুকরন করার চেষ্টা করা উচিত। কারণ উন্নত Lifestyle-এর পেছনে শুধু সাফল্য বা সুযোগ নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম, আত্মনিয়ন্ত্রণ ও নিয়ম-শৃঙ্খলাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপসংহার
সঠিক ও উন্নত Lifestyle একদিনে বা এক সপ্তাহে গড়ে ওঠে না। এর জন্য প্রয়োজন দীর্ঘদিনের ভালো অভ্যাস, নিয়ম-শৃঙ্খলা ও consistency। ছোট ছোট ভালো অভ্যাসই ধীরে ধীরে আমাদের Lifestyle-কে সুন্দর ও সুশৃঙ্খল করে তোলে। তাই উপরে উল্লেখিত বিষয়গুলো নিজের জীবন ও পরিস্থিতি অনুযায়ী অনুসরণ করার চেষ্টা করলে তা একদিন সঠিক ও উন্নত জীবন গড়ে তুলতে সাহায্য করবে। একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ Lifestyle বজায় রাখার জন্য অর্থের সঠিক ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ঘরে পারিবারিক আর্থিক ব্যবস্থাপনা কেন জরুরি, সে সম্পর্কে জানা প্রয়োজন।